নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহর। যিনি কলম দ্বারা শিখিয়েছেন। মানুষকে এমন সব শিখালেন যা তার অজানা। সীমাহীন দরুদ ও সালাম মানবতার মহান সরদার ও শিক্ষকের প্রতি, যিনি সুমহান চরিত্রের অধিকারী। দ্বীনের পরিপূর্ণ বিধান সু-প্রতিষ্ঠিত করে যিনি বিশ্ববাসীর জন্যে উভয় জগতের কল্যাণ সুনিশ্চিত করেছেন। তাঁর পবিত্র বংশধর, হযরত সাহাবায়ে আজমাঈন, তাবেয়ীন ও তবে’তাবেয়ীন নির্বিশেষে সর্বজনে করুণাধারা বর্ষিত হোক।
বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা দ্বীনি শিক্ষার যুগোপযোগী আধুনিক প্রতিষ্ঠান। বায়তুশ শরফ এর শ্রদ্ধেয় পীর ছাহেব ইসলামী রেনেসাঁর অগ্রদূত, হাদীয়ে জামান, হযরত মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার (রহ:) ১৯৮২ সালের ০১ জানুয়ারী এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ইসলামীমের ব্যাপক জ্ঞান ও বৈষয়িক জ্ঞানের সমন্বিত শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে নেতৃত্ব দানের যোগ্যতা সম্পন্ন জ্ঞানী, গুণী, খোদাভীরু ও চরিত্রবান নাগরিক তৈরির মহান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি এখন অনার্স-মাস্টার্স সহ একটি পূর্ণাঙ্গ কামিল মাদ্রাসা। ১৯৯১, ২০০০ এবং ২০১৮ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ মাদ্রাসা স্বীকৃত ও পুরস্কার প্রাপ্ত। মরহুম পীর ছাহেব ও সাবেক অধ্যক্ষ বাহরুল উলুম শাহ মাওলানা কুতুব উদ্দীন (রহ:) ২০০০ সালে এবং সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান ২০১৭ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে স্বর্ণপদক প্রাপ্ত ও পুরস্কৃত হন।
মাদ্রাসায় শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ইবতেদায়ী বিভাগ, ১০ম শ্রেণি পর্যন্ত দাখিল (বিজ্ঞান, সাধারণ ও ব্যবসায় শিক্ষা) বিভাগ, আলিম (সাধারণ ও বিজ্ঞান) বিভাগ, ফাযিল (পাস কোর্স) ও ফাযিল (অনার্স) বিভাগ, কামিল (হাদীস ও তাফসীর) বিভাগ এবং ১বৎসর মেয়াদী কামিল (মাস্টার্স) বিভাগ চালু রয়েছে। এ প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীগণ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ডাকসুর ভিসি ও জি.এস সহ দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় সমূহে শিক্ষার্থীদের কল্যাণে নেতৃত্বস্থান বিপ্লবে অগ্রসেনানীর ভূমিকা পালন, মানব সেবার প্রতিটি স্তরে কর্তব্য পালন এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন। এছাড়াও শত শত বিদগ্ধ আলিম, মুহাদ্দিস, মুফাস্সির, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, চিকিৎসক, প্রকৌশলী, দেশ-সেবক, লিখক, সুবস্থা ও দায়ী ইলাল্লাহ দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক অবদান রেখে চলেছেন।
বিগত বছর সমূহে এ মাদ্রাসা তার লক্ষ্যাভিমূখে নিরবিচ্ছিন্ন গতিতে অগ্রসর হয়েছে। চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। মহান আল্লাহর একান্ত অনুগ্রহ ও সাহায্য আমাদের একমাত্র পাথেয়।
মহান আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানের খেদমতের বদৌলতে আমাদের কবুল করুন। আমিন।
আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ
অধ্যক্ষ
বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, চট্টগ্রাম
